১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে পাবনায় নানা-নাতনিসহ নিহত ৪

পাবনায় বজ্রপাতে নানা-নাতনিসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 09:24 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বৃহস্পতিবার সন্ধ্যার এ দুর্ঘটনায় নিহতরা হলেন সুজানগর উপজেলার বাঘলপুর গ্রামের ময়েন উদ্দিন প্রাং (৬৭) ও তার নাতনি শিখা খাতুন (১২), দক্ষিণচর গ্রামের রইচ উদ্দিন মণ্ডলের ছেলে শহিদুর রহমান মণ্ডল (৩৫) ও বেড়া উপজেলার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।

সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝড়বৃষ্টির সময় নানা-নাতি ঘরের বারান্দায় বসে ছিলেন।

এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে তিনি জানান। 

আহমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বিশ্বাস বলেন, শহিদুর রহমান বৃষ্টির মধ্যে পাটক্ষেতে নিড়ানির কাজ করছিলেন।

“এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।”

অপরদিকে বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরোজ হোসেন বলেন, বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন।

তবে তার নাম-পরিচয় জানা যায়নি।