মহাস্থানে সুফি-সন্ন্যাসীদের পুণ্যমেলা
পুণ্ড্রের রাজধানী খ্যাত বগুড়ার মহাস্থান গড়ে বসেছে সুফি-সন্ন্যাসী ও বাউল-সাধকদের পুণ্যমেলা।
প্রতি বছরের মতো এবারও বৈশাখের শেষ বৃহস্পতিবার বসেছে মেলাটি।
সরজমিনে দেখা গেছে, আগতরা কেউ কেউ ধ্যানমগ্ন হয়েছেন, কেউ কেউ মারফতি গান গেয়ে আসর জমিয়েছেন, আবার পালা করে ‘গাঁজা’ সেবন আর জিগির করছেন কেউবা।
এলাকায় জনশ্রুতি আছে, পুণ্ড্রনগরের অত্যাচারী রাজা পরশুরামকে পরাজিত করে সুফি ও সাধক হজরত শাহ সুলতান মাহিসওয়ার বলখির (র.) মহাস্থান বিজয় এবং নিজের সম্ভ্রম ও ধর্মরক্ষার জন্য পরশুরামের একমাত্র বোন শিলা দেবীর করতোয়া নদীতে আত্মবিসর্জনের দিন বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার।
সেই থেকে এই দিনে মহাস্থানে উভয় ধর্মের মানুষ সমবেত হয় পুণ্য সঞ্চয়ের আশায়। কালে কালে এটি হয়ে ওঠে সুফি-সন্ন্যাসী ও বাউল-সাধকদের পুণ্যমেলা।
মেলা উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা শাহ সুলতান বলখির (র.) মাজারে আর অন্যরা তার পাশে হজরত বোরহান উদ্দিনের (র.) মাজার, পশ্চিম পাশের আমবাগান ও উত্তর পাশের আবাসিক এলাকায় অবস্থান নেন।
মাজার সংলগ্ন পশ্চিম পাশের মাঠসহ পুরো মহাস্থান এলাকায় বসে মেলা।
এবার এ মেলায় প্রশাসন নিরাপত্তায় বিশেষ নজর দিয়েছে। আইনে নিষিদ্ধ হওয়ায় প্রকাশ্যে ‘গাঁজা’ সেবন প্রশাসনের উদ্বেগের প্রধান কারণ। তাই তল্লাশি করেছে সন্দেহভাজনদের।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ফকির মস্তানা, মিছির বাউল, নারায়ণচন্দ্রসহ অনেকে।
তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধ্যাত্মিক সাধনার জন্য তারা ‘গাঁজা নয়, সিদ্ধি সেবন করেন’। ‘প্রশাসন ও ধর্মের নামে কিছু উগ্রগোষ্ঠী’ তাদের সেখান থেকে বিতাড়িত করার চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেন।
মেলা উপলক্ষে আয়রোজগারের আশায় ভিক্ষুকরাও সমবেত হয়েছেন। তারা সারিগান গেয়ে মাজার চত্বর মুখরিত করে রেখেছেন।
মহাস্থানে এসে নিজেদের ভাগ্য পরিবর্তন ও আশাপূরণের জন্য অনেকেই মাজারের পশ্চিম পাশে ‘দুধ পাথরে’ দুধ ঢালে। অনেককেই সেখান থেকে দুধ পান করতে দেখা গেছে।
সুফি-সন্ন্যাসী বা বাউল ছাড়াও বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক নারী-পুরুষ সমবেত হয় মেলায়। মাজারের পশ্চিম পাশের মাঠে হরেক রকম পণ্যমেলা থেকে তারা কেনাকাটা করেন।
মহাস্থানের ঐতিহ্য হিসেবে পরিচিত কটকটি বিক্রি হয় এখানে ব্যাপক হারে।
প্রশাসনের নজরদারি বিষয়ে সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) সাব্বির আহম্মেদ সরফরাজ বলেন, তারা সন্দেহভাজনদের তল্লাশি করছেন এবং মাজার এলাকায় কেউ যেন গাঁজা সেবন করতে না পারে সেদিকটিও দেখছেন।
আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
