২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে শতভাগ পাস ৬২ স্কুলে, কমেছে জিপিএ ৫

সিলেট শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ ৫। গেল বারের মতো এবারও পাশের হারে ছেলেরা এগিয়ে। বেশি পাশ করেছে বিজ্ঞান বিভাগে।

মঞ্জুর আহমদ

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 01:36 PM

Updated : 11 Oct 2022, 08:13 PM

বুধবার দুপুরে বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম। 

সামগ্রিক ফলাফল থেকে দেখা যায়, সিলেট বোর্ডের অধীনে চার জেলায় ৬২টি প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে, কেউ পাস করেনি এমন স্কুল মাত্র একটি।

গত বছর পাসের হার ছিল ৮১ দশমিক ৮২ শতাংশ। এবার তা ৮৪ দশমিক ৭৭ শতাংশে উঠেছে। অর্থাৎ পাসের হার বেড়েছে ২ দশমিক ৯৫ শতাংশ।

গতবার দুই হাজার ৪৫২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল। এবার পেয়েছে দুই হাজার ২৬৬ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক সামছুল ইসলাম বলেন, এবারের পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৮৪ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এরমধ্যে পাশ করেছে ৭১ হাজার ৫৮৬ জন।

সিলেট বোর্ডের অধীনে চার জেলায় পাসের হার হলো সিলেটে ৮৬ দশমিক ৩০, হবিগঞ্জে ৮৫ দশমিক ৯৯, মৌলভীবাজারে ৮২ দশমিক ৩৮ ও সুনামগঞ্জে ৮৩ দশমিক ৬০ শতাংশ।

জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা কিছুটা কমলেও সার্বিক ফলাফল ভালো হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

শতভাগ পাস ৬২ স্কুলে, একটি স্কুলে পাশ করতে পারেনি কেউ 

পরীক্ষায় অংশ নেওয়া ৮৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬২টিতে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। কেউ উত্তীর্ণ হতে পারেনি এমন প্রতিষ্ঠান রয়েছে মাত্র একটি।

বিজ্ঞান বিভাগের ভাল ফল

বোর্ডে এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বেশি পাস করেছে।

এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯১ দশমিক ২২ শতাংশ, মানবিক বিভাগে ৮০ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করলেও বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৯৩ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী।

এবারও ছেলেরা এগিয়ে

গত বছরের মতো এবারের পরীক্ষায়ও মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে।

এবার সিলেট বোর্ডের অধীনে ৩৭ হাজার ৬৭২ জন ছেলে অংশ নিয়ে পাশ করেছে ৩২ হাজার ৩১৮ জন। অর্থাৎ ছেলেদের পাশের হার ৮৫ দশমিক ৭৯ শতাংশ।

অন্যদিকে ৪৬ হাজার ৭৭৬ জন মেয়ে অংশ নিয়ে পাশ করেছে ৩৯ হাজার ২৬৮ জন।  সে হিসাবে তাদের পাশের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ।

কোন গ্রেডে কতজন উত্তীর্ণ  

মোট  উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেডে ১৫ হাজার ১৭৪ জন, এ মাইনাস গ্রেডে ১৭ হাজার ১৩৩ জন, বি গ্রেডে ২০ হাজার ৮৪৫ জন, সি গ্রেডে ১৫ হাজার ৭৩৫ জন ও ডি গ্রেডে ৪৩৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।