নিজামীর জন্মস্থান সাঁথিয়ায় মিষ্টি ও মিছিল
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির ও আলবদর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর পরই তার জন্মস্থান পাবনার সাঁথিয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে মুক্তিযোদ্ধা সন্তান ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
রায় কার্যকরের খবর সাঁথিয়ায় এসে পৌঁছানোমাত্র আনন্দ-উল্লাসে মেতে ওঠে তারা। বিভিন্ন স্থান থেকে আনন্দ মিছিল নিয়ে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।
এ সময় নিজামীর মামলার দুই সাক্ষী জহুরুল হক ও আবু সামাকে মিষ্টিমুখ করায় তারা।
সাক্ষী জহুরুল হক বলেন, “আজ আমরা কলঙ্কমুক্ত হলাম। আমরা যখন যেখানে গেছি, সেখানেই মানুষ আমাদের নিজামীর মতো কুখ্যাত লোকের এলাকার মানুষ বলে ধিক্কার দিত। তা আজ থেকে বন্ধ হবে।”
এটা এক বড় পাওয়া বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
মামলার অপর সাক্ষী আবু সামা বলেন, “নিজামীর অত্যাচারে ’৭১ সালে আমরা অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করেছি। মামলার সাক্ষী হওয়ায় বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে ও আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। আমরা সব সময় অতঙ্কের মধ্য দিয়ে দিন যাপন করেছি।
“কুখ্যাত এই আলবদর প্রধানের ফাঁসি হওয়ার পরও মনে কেমন যেন ভয় লাগছে, কখন কি যেন হয়ে যায়। চরম আতঙ্কের মধ্যে রয়েছি। তবে আতঙ্ক থাকলেও জীবদ্দশায় তার শাস্তি দেখতে পাওয়ায় এই ভেবে শান্তি লাগছে যে কুলাঙ্গারের ফাঁসি হয়েছে।”
এখন তিনি মরে গেলেও শান্তি পাবেন বলে মনে করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন বলেন, “গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে এই কুখ্যাত রাজাকার লাখ শহীদের আত্মাকে অপমান করেছে।
“এই রাজাকারের ফাঁসি হওয়ায় আমরা পাবনার মুক্তিযোদ্ধার সন্তানেরা আজ কলঙ্কমুক্ত হলাম। জাতি আজ দায়মুক্তি পেল।”
পাবনা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন বলেন, “এই রায় কার্যকরের মধ্য দিয়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল।
“অন্যায় করলে একদিন না একদিন যে বিচার হয়-ই তাই প্রমাণিত হল। আজকের দিনটি ইতিহাসের পাতায় অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”
মুক্তিযোদ্ধা সন্তান বিপ্লব কুমার দাস বলেন, “এই নিজামী মুক্তিযুদ্ধের সময় আমাদের পরিবারের লোকজনকে নানাভাবে হয়রানি করেছে। মন্ত্রী হওয়ার পর আমাকে দেশছাড়া করেছে। আজ তার ফাঁসি কার্যকর হওয়ায় আমার সব যন্ত্রণার অবসান হল।”
বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা, নির্দেশনা ও নেতৃত্ব দেওয়ার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে একাত্তরের আলবদর নেতা নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে এই বছরের ৬ জানুয়ারি আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখা হয়। তা পুনর্বিবেচনায় নিজামীর আবেদন গত ৫ মে খারিজ হয়ে যায়।
বিচার শুরুর চার বছর পর ওই রায় সোমবার প্রকাশের প্রেক্ষাপটে শুরু হয় মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া।
