বাবাকে ‘পিটিয়ে হত্যা’
হবিগঞ্জের নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার কলেজ রোডে এ ঘটনায় আমজদ উল্লা নিহত হন বলে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খান জানান।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমজদ উল্লার ছেলে আসদ আলী ও তার মামা শ্বশুর ইসলাম উদ্দিনকে আটক করেছে পুলিশ।
ওসি বলেন, ভাড়া বাসার একটি টেবিল নিয়ে আমজদ উল্লার দুই ছেলে আসদ আলী ও শাহেদ আলীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে মামা শ্বশুর ইসলাম উদ্দিনকে নিয়ে শাহেদকে মারধর করে আসদ।
“এ সময় শাহেদকে বাঁচাতে এগিয়ে আসলে তারা আমজদ উল্লাকে পিটিয়ে হত্যা করে।”
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন দুজনকে আটক করে পুলিশে খবর দেয় বলে জানান তিনি।
