ঝিনাইদহে ‘ভাইয়ের’ হাতে ভাই খুন
ঝিনাইদহের মহেশপুরে জমির বিরোধে ছোট ভাইয়ের পিটুনিতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলা বজরাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান।
নিহত মজিবর রহমান খোকন (৫০) বজরাপুর গ্রামের মৃত আলি কদরের ছেলে। তার লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রয়েছে।
ওসি আমিনুল বলেন, ছোট ভাই আজিবর রহমান মোহনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল মজিবরের।
“সকাল সাড়ে ৮টার দিকে মজিবর বাড়ির পাশের গাছ থেকে আম পাড়তে গেলে আজিবরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আজিবরের কিল-ঘুষিতে মাঠিতে লুঠে পড়েন বড় ভাই মজিবর।”
স্থানীয়রা কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
বেলা ১২টার দিকে এলাকাবাসী আজিবরকে আটক করে পুলিশে দিয়েছে বলে জানিয়েছেন ওসি আমিনুল।
