বুড়িগঙ্গায় নৌকা ডুবে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজের দুদিন পর এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে বুড়িগঙ্গা থেকে মো. সাগর (২৩) নামের ওই কিশোরের লাশ উদ্ধার করা হয় বলে কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. বাদশা মিয়া জানান।
সাগর দক্ষিণ কেরানীগঞ্জের মো. মাইনুদ্দিনের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, শুক্রবার দুর্ঘটনার পর পুলিশ ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালালেও সাগরকে পাওয়া যায়নি।
“রোববার সকালে স্থানীয়রা সাগরের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।”
শুক্রবার রাতে চকবাজারের এক বন্ধুর বাড়ি থেকে কেরানীগঞ্জে ফেরার পথে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে সাগর নিখোঁজ হয়।
