দোকানির রডের আঘাতে ক্রেতার মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মুদি দোকানির রডের আঘাতে এক ক্রেতার মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার বিকালে নিহত মো. শরীফ হোসেন (৩৬) উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের কাকাবো গ্রামের হারেজ শেখের ছেলে বলে কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ জানান।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালীগঞ্জ উপজেলার চৈতারপাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে মো. জাকারিয়া (২১) বাড়ির পাশে দোকান দিয়ে মুদিমালের ব্যবসা করেন।
“বিকাল ৫টার দিকে শরিফ হোসেন কেনাকাটা করতে গেলে তাদের মধ্যে কথা কটাকাটি হয়। এক পর্যায়ে জাকারিয়া দোকানে থাকা লোহার রড দিয়ে শরীফের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে নিহত হন।”
ঘটনার পর দোকান রেখে পালিয়ে পালিয়ে গেলেও জাকারিয়াকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলে ওসি জানান।
