লক্ষ্মীপুরে আ. লীগ নেতাকে হত্যার হুমকির অভিযোগ
লক্ষ্মীপুর পৌর নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে শহরের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল করিম।
এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান মনিরুল।
মনিরুলের অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রায়হানের নেতৃত্বে অস্ত্র-শস্ত্র নিয়ে সোহেল, ছগীর ও বেলালসহ চারজন তাকে হত্যার হুমকি দিয়েছেন।
পরে স্থানীয় লোকজনকে দেখে তারা অস্ত্র লুকিয়ে ফেলে, বলেন মনিরুল।
অভিযোগ অস্বীকার করে রায়হান বলেন, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। কোনো হুমকি দেওয়ার ঘটনা ঘটেনি।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ২৫ মে লক্ষ্মীপুর পৌরসভায় নির্বাচন হওয়ার কথা রয়েছে।
