২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পায়ুপথে ৬ সোনার বার, আটক ১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পায়ুপথে সোনার বার পাচারের সময় একজনকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 09:50 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

বৃহস্পতিবার বেলা ১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া চেকপোস্টে তাকে আটক করা হয় বলে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান।

আটক মো. রহমত উল্লাহ (৩৮) টেকনাফ পৌর এলাকার জালিয়াপাড়ার সৈয়দ আহমদের ছেলে।

বিজিবি কর্মকর্তা রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেকনাফ থেকে আসা অটোরিকশা থামিয়ে রহমতকে সন্দেহ হলে আটক করা হয়।

“পরে তার দেহ তল্লাশি করে পায়ুপথে লুকিয়ে রাখা ছয়টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ৮৫ ভরি ৭ আনা ৪ রতি ৫ পয়েন্ট। দাম ৩৫ লাখ ৫ হাজার ২৮৫ টাকা।”

উদ্ধার করা সোনার বার টেকনাফ শুল্ক গুদামে রাখা হয়েছে। সেইসঙ্গে রহমতের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে তিনি জানান।