রাবি শিক্ষক হত্যা: গ্রীষ্মকালীন ছুটিতে আন্দোলনের ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে গ্রীষ্মকালীন ছুটিতেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইংরেজি বিভাগ।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিভাগের সভাপতি এ এফ এম মাসউদ আখতার।
তিনি বলেন, “চলতি মাসের ৭ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি থাকলেও অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
এদিকে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মনোবিজ্ঞান, ইংরেজি, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে।
একই সময় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সম্মিলিত সামাজিক আন্দোলন রাজশাহী এক মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি আনন্দ কুমার সাহা বলেন, “রাবির চার শিক্ষককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু একটি হত্যারও কোনো বিচার দেখতে পাইনি।”
সাবেক উপ-উপাচার্য নুরুল্লাহ বলেন, “গণমাধ্যমের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক, ব্লগার, মুক্তবুদ্ধির চর্চাকারীসহ সাধারণ মানুষদের যারা হত্যা করছে তাদের বয়স ২০-২৫ বছরের মধ্যে।”
এই তরুণদের কয়েক বছর মোটিভেট করে এসব কাজে লিপ্ত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
