দুর্নীতির মামলায় পাবনায় এক প্রকৌশলী কারাগারে
পাবনার বেড়া পৌরসভায় অর্থ আত্মসাতের দুদকের মামলায় এক প্রকৌশলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে পাবনার বিশেষ জজ আব্দুল কুদ্দুস এ আদেশ দেন।
দুদক পাবনা অফিসের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি শহিদুল ইসলাম আদালতে হজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠনোর নির্দেশ দেন।
আসামি শহিদুল ইসলাম আগে পাবনার বেড়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ছিলেন। পরে তিনি গঙ্গা ব্যারেজ সমীক্ষা প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হন বলে জানান পাবনার বিশেষ জজ আদালতের (দুদকের) পিপি আব্দুর রহিম।
তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে বেড়া পৌরসভার মেয়রসহ ১৫ জনের বিরুদ্ধে গত বছরের ৩১ অগাস্ট একটি মামলা করেন দুদক পাবনা অফিসের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন।
মামলায় আসামিরা হলেন, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন, পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম তালুকদার, সাবেক সচিব বর্তমান পঞ্চগড় পৌরসভার সচিব মো. রাশিদুর রহমান, কাউন্সিলর যথাক্রমে হাবিবুর রহমান হবি, আবু দাউদ শেখ, জয়নাল আবেদিন, শামসুল হক খান, এনামুল হক শামিম, আব্দুর রাজ্জাক সরদার, ইসলাম উদ্দিন, আব্দুস সামাদ মহলদার, শহিদ আলী, নার্গিস আক্তার, মোছা. জাকিয়া খাতুন ও হাটের ইজারাদার মাহবুব হোসেন বাবলু।
