বেনাপোলে নির্মিত হচ্ছে বাংলাদেশের ‘প্রবেশদ্বার’
যশোরের বেনাপোলে আধুনিক সুযোগ-সুবিধাসহ একটি গেট নির্মাণ শুরু হয়েছে, যাকে বাংলাদেশের প্রবেশদ্বার বলছে কর্তৃপক্ষ।
বেনাপোল পৌরসভার সচিব রফিকুল ইসলাম বলেন, দাতা সংস্থা বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে বেনাপোল পৌরসভার ব্যবস্থাপনায় পৌরসভার প্রবেশমুখে গেটটির নির্মাণ কাজ চলছে, যার ব্যয় ধরা হয়েছে সাত কোটি ৪৩ লাখ টাকা।
রফিকুল বলেন, গত বছরের ১৫ জুন বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে সড়ক পথে যাত্রীবাহী, ব্যক্তিগত ও পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণে ‘বিবিআইএন’ মোটরযান চুক্তি হয়।
“ওই চুক্তির আওতায় বাংলাদেশের ‘প্রবেশদ্বার’ হিসেবে বেনাপোলে এ গেটটি নির্মাণ করা হচ্ছে।”
এ প্রকল্পে ফুটপাথ, রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট, গাড়ি পার্কিং, মিনি পার্ক, নারীদের হ্যান্ডিক্রাফট স্টল, বাংলাদেশের ঐতিহাসিক বিভিন্ন ম্যুরাল রয়েছে বলে জানান তিনি।
বেনাপোল পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সাইদ খান বলেন, পৌরসভার প্রবেশমুখে আমড়াখালি এলাকায় গেটওয়ের নির্মাণে মাটিভরাট, রাস্তা নির্মাণ ও পিলারের কাজ চলছে।ইতিমধ্যে এর ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
আগামী এক বছরের মধ্যে পুরো কাজ শেষ করা সম্ভব হবে, বলেন সাইদ।
বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, ভৌগলিক দিক বিবেচনায় ও বাণিজ্যিক শহর হিসেবে বেনাপোলের গুরুত্ব দিন দিন বাড়ছে। প্রবেশদ্বারটি বর্হিবিশ্বের কাছে বেনাপোলের ভাবর্মূতি তুলে ধরবে।
