পুকুরে গৃহবধূর লাশ, স্বামী-সন্তান উধাও
নীলফামারীর ডিমলা উপজেলায় পুলিশ পুকুর থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে, যাকে হত্যার অভিযোগ এনেছেন তা মা।
তানজিনা বেগমের (২৮) মৃতদেহ সোমবার দুপুরে ছোটখাতা গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় বলে ডিমলা থানার এসআই ইলিয়াস হোসেন জানান।
অপরদিকে তানজিনাকে তার স্বামী সামিনুর রহমান (৩৫) হত্যার পর পুকুরে লাশ ফেলে তিন সন্তান নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন মা মোমিনা বেওয়া।
মা মোমিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাত ৯টার দিকে মোবাইল ফোনে জামাতা সামিনুর জানায়, তানজিনাকে পাওয়া যাচ্ছে না।
“খবরে শুনে সোমবার সকালে এসে বাড়িতে তালা দেখতে পাই।”
একপর্যায়ে তিনি বাড়ির পাশে পুকুরের পানিতে তানজিনার ওড়না ভাসতে দেখেন বলে জানান।
ওসি রুহুল আমিন খান প্রতিবেশীদের বরাত দিয়ে জানান, ওই গ্রামের ইফসুফ আলীর ছেলে ও তানজিনার স্বামী সামিনুর রহমান সিলেটে পাথর শ্রমিকের কাজ করেন। ১৫ দিন আগে বাড়ি আসার পর রোববার রাতে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তানজিনাকে হত্যা করা হয়েছে।”
তানজিনার মেয়ে শাবনুর আক্তার (৮), ময়না আক্তার (৬) ও ইমরানসহ (৩) স্বামী সামিনুরের খোঁজ করা হচ্ছে বলে তিনি জানান।
তানজিনা একই উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের কাকড়া মাস্টারপাড়া গ্রামের তাজ উদ্দিনের মেয়ে। তিনি এলাকায় তিস্তা নদীর পাড়ে পাথর শ্রমিকের কাজ করতেন।
