ধান কেনার ঘোষণায় ‘ভরসা নাই’ কৃষকের
কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার সরকারি ঘোষণায় আশ্বস্ত হতে পারছে না বলে জানিয়েছেন নেত্রকোণার কয়েকজন কৃষকরা।
তাদের অভিযোগ, প্রতি বছরই ঢাকঢোল পিটিয়ে সরকার এমন ঘোষণা দেয়। পরে ধান-চাল সবই কেনে চালকল মালিকদের কাছ থেকে।
গত ২৪ এপ্রিল সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকের পর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগামী ৫ মে থেকে ৩১ অগাস্ট সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ করা হবে। এবার মোট ১৩ লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৭ লাখ মেট্রিক টন হবে ধান, বাকিটা চাল।
“ধান-চাল সংগ্রহে এবার বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। কৃষকদের সরাসরি প্রণোদনা দিতে এবং ফরিয়াদের দৌরাত্ম কমাতে বেশি করে ধান সংগ্রহ করা হবে”, বলেন মন্ত্রী।
গত মৌসুমে এক লাখ মেট্রিক টন বোরো ধান কেনা হলেও এবার ‘কৃষকের কথা মাথায় রেখে’ ৭ লাখ মেট্রিক টন ধান কেনা হবে বলে জানান কামরুল।
প্রতিবছর কৃষকদের কাছ থেকে সরাসির ধান কেনার সরকারি ঘোষণার প্রসঙ্গ টেনে নেত্রকোণা সদর উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের কৃষক গফুর মিয়া বলেন, “বাস্তবে খাদ্য বিভাগ এক-দুই দিন লোক দেখানো কিছু ধান কেনার পর আর কেনে না।”
“এবারও যে এর ব্যতিক্রম হবে এমন ভরসা কোনো কৃষকই পাবেন না।”
একই ধরনের মন্তব্য করেন, কেন্দুয়া উপজেলার কইলাটি গ্রামের কৃষক হাসিম উদ্দিন।
তাতে কৃষকের কী লাভ হবে প্রশ্ন রেখে তিনি বলেন, “ব্যবসায়ীরা ধান কিনবে কৃষকের কাছ থেকে। এই ধান ব্যবসায়ীরা বেচবে মিলারদের কাছে। মিলাররা বেচবে সরকারের কাছে। এই যে হাত বদল হতে হতে সরকারের বেধে দেয়া ধানের দাম কৃষকের কাছে পৌঁছার কোনো সম্ভাবনাই নেই ।”
বর্তমানে ৪৫০ টাকা মন দরে ধান বেচে কৃষকের আবাদ খরচই উঠছে না বলে জানান তিনি।
কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃষক সাদেক মিয়ার অভিযোগ, বর্তমানে কম দামে ধান কিনে মিলমালিকরা গুদামজাত শুরু করে দিয়েছেন। তারা কমদামে কেনা এই ধানই পরে সরকারের কাছে বেচবে।
তাই সরকার ধান কেনা শুরু করলেও ধানের বাজার তেমন বাড়বে না বলে আশংকা প্রকাশ করেন তিনি।
তিনি জানান, ৪৫০ থেকে ৪৭০টাকা মন দরে কেনা ধান চালকল মালিকদের কাছে বেচছেন তিনি।
এক দশক ধরে ধান ব্যবসায় যুক্ত নৃপেন্দ্রর প্রধান ক্রেতা চাউলকল মালিকেরা।
তবে সরকারের ঘোষণা অনুযায়ী খাদ্য বিভাগ কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনতে কোনো দিনই দেখেননি তিনি।
তিনি বলেন, “প্রথমে দুই এক দিন লোক দেখানো ধান কেনে খাদ্য বিভাগ।পরে কখন কার কাছ থেকে ধান কেনে তা আর কেউ জানতে পারে না।
“খাদ্যবিভাগ মূলত ধান কেনে চাল কল মালিকদের কাছ থেকেই।”
একই উপজেলার আরেক ব্যবসায়ী তিয়শ্রী গ্রামের কোহিনুর মিয়া। তারও অভিযোগ, মিল মালিকরাই ধান মওজুদ করছেন।
বরাবরের মত তাদের কাছ থেকেই ধান কিনবে সরকার মন্তব্য তার।
তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক সোহরাব হোসেন জানান, মিল মালিকদের কাছ থেকে ধান কেনা হয় না।
“সরাসরি কৃষকদের কাছ থেকেই ধান কেনা হয়।এবারও সরকারি নির্দেশনা অনুযায়ীই ধান কেনা হবে।”
