২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘুষ’ না পেয়ে নারী আনসার কমান্ডারকে লাথি মারার অভিযোগ  

মাগুরার শালিখা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনসার সদস্য মোতায়েনের বিনিময়ে ‘ঘুষ না পেয়ে’ উপজেলা আনসার কমান্ডারকে লাথি মেরে আহত করার অভিযোগ উঠেছে জেলা কমান্ডারের বিরদ্ধে। 

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2016, 02:07 PM

Updated : 20 Aug 2022, 12:35 PM

আহত মমতাজ খাতুনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে শালিখা উপজেলার আনসার কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে হাসপাতালে চিকিৎসাধীন মমতাজ খাতুন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ৭ মে শালিখা উপজেলার সাতটি ইউনিয়নের নির্বাচনে দায়িত্ব পালনের জন্য শনিবার দেড় হাজার আনসার সদস্যকে বাছাই করা হয়।

“জেলার ভারপ্রাপ্ত কমান্ডার আহসান উল্লাহ বাছাই করা আনসার সদস্যদের কাছ থেকে জন প্রতি ২০০ টাকা করে আদায় করে দিতে বলেন। কিন্তু টাকা দিতে না পারায় রাত ৯ টার দিকে আহসান উল্লাহ আমাকে লাথি মারেন।”

এতে পড়ে গিয়ে সংজ্ঞা হারালে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান মমতাজ।

শালিখার আড়পাড়া ইউনিয়ন কমান্ডার আবুল হোসেন বলেন, “আহসান উল্লাহ মমতাজকে লাথি মেরে ফেলে দিয়ে একটি গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন।”

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মমতাজ মজিদ জানান, মমতাজ খাতুন চিকিৎসাধীন আছেন। এখন তার শারীরিক অবস্থা কিছুটা ভাল।

তবে মমতাজের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে আহসান উল্লাহ বলেন, “নির্বাচনে ডিউটি দেওয়ার কথা বলে মমতাজ আনসার সদস্যদের কাছ থেকে টাকা নিয়েছেন। তাদের অনেককে ডিউটি না দেওয়ায় মমতাজ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।”

এ বিষয়ে শালিখা থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, “ঘটনাটি শুনেছি।তবে এ ব্যাপারে পুলিশের কাছে কোনো অভিযোগ আসেনি।”