২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকসেবীর মৃত্যুতে নিরাময় কেন্দ্র বন্ধ, গ্রেপ্তার ১

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের একটি মাদক নিরাময় ও সেবা কেন্দ্রে চিকিৎসার জন্য প্রায় দুই মাস আগে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যুর পর প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 06:32 PM

Updated : 20 Aug 2022, 12:34 PM

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই প্রতিষ্ঠানের পরিচালককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিহত মো. মানিক মিয়া (৩২) উপজেলার উত্তর রামেকান্দা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

ওসি বলেন, “বুধবার উপজেলার চুনকুটিয়া সাবান ফ্যাক্টরি রোডে অবস্থিত ‘নতুন জীবনের স্বপ্ন ও সেবা কেন্দ্র’ নামক মাদক মুক্ত নিরাময় কেন্দ্রে প্রায় দুই মাস আগে ভর্তি হওয়া মাদকাসক্ত মানিকের মৃত্যু হয়।

সেদিনই উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়।

 “নতুন জীবন মাদকাসক্ত নিরাময় ও সেবা কেন্দ্রটির কোনো বৈধ সনদ, ডাক্তার বা নার্স না থাকায় এবং ভুয়া হওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

“মৃত্যুর ঘটনার দিনই ওই মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ময়না বেগম ও পরিচালক মো. সাগর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।”

বৃহস্পতিবার সাগরকে গ্রেপ্তার দেখিয়ে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে ও ময়না বেগম একজন নারী হওয়ায় তাকে জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মূলত রোগীদের কাছ থেকে অর্থ আত্মসাতের জন্যই এটি খোলা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি মনিরুল।

ঘটনার দিন বিকালে নিহতের বড় ভাই এনায়েত উল্লাহ্ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন বলে জানায় পুলিশ।

ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না বলেও জানান তিনি।