২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবহেলায় মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাংচুর

সিরাজগঞ্জ শহরে একটি বেসরকারি হাসপাতালে অবহেলায় এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 07:51 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

ওই ঘটনায় মৃতের স্বজনরা হাসপাতালে ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।

শুক্রবার মেডিনোভা হাসপাতাল কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।   

এর আগে সেখানে মারা যায় শহরের রহমতগঞ্জ মহল্লার মনোয়ারুল ইসলামের ছেলে ও সবুজ কানন স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র খায়রুল ইসলাম (১৪)।

খায়রুলের বাবা মনোয়ারুল ইসলাম বলেন, তার ছেলে খায়রুলকে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এলার্জিজনিত কারণে মেডিনোভা হাসপাতাল কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই সময় শিক্ষানবিস চিকিৎসক পিয়াস তার চিকিৎসা দেয়।

“শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খায়রুলের মৃত্যুর পর চিকিৎসকরা তাকে অন্য হাসপাতালে রেফার্ড করেন।”

সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, ওই হাসপাতালে একজন রোগী মারা যাওয়ার ঘটনায় রোগীর স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতাল ভাংচুর করেছে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানান তিনি।  

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও মেডিনোভা হাসপাতাল কমপ্লেক্সের পরিচালক আকরামুজ্জামান বলেন, রোগীটি ডা. নিত্যরঞ্জন পালের তত্ত্বাবধানে ভর্তি হয়। পরবর্তীতে ইন্টার্নি ডা. পিয়াস তার চিকিৎসা শুরু করেন। এক পর্যায়ে রোগীর অবস্থা খারাপ হলে তাকে অন্যত্র রেফার্ড করা হয়।

“এ অবস্থায় রোগীর মৃত্যু হওয়ায় স্বজনরা বিক্ষুব্ধ হয়ে হাসপাতাল ভাংচুর ও স্টাফদের মারপিট করে।”

হাসপাতালের অপর পরিচালক ডা. নিত্যরঞ্জন পাল বলেন, “রোগীটি আমার নামে ভর্তি করা হলেও ইন্টার্নি চিকিৎসক পিয়াস আমার সাথে আলোচনা না করেই তার চিকিৎসা শুরু করেন।

“ধারণা করা হচ্ছে এর আগে কোথাও আঘাতপ্রাপ্ত ছিল। মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ হলেও রোগীর স্বজনেরা ও ইন্টার্নি চিকিৎসক প্রাথমিক অবস্থায় টের পায়নি। অবস্থার অবনতি হলে তাকে রেফার্ড করার পর আমাকে জানিয়েছে।”

এ ব্যাপারে শিক্ষানবিস চিকিৎসক পিয়াসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।