মৌলভীবাজারে রেল লাইনে নারীর মস্তক বিচ্ছিন্ন লাশ
মৌলভীবাজারের কমলগঞ্জে রেল লাইন থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মস্তক বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার সমশের নগর রেলওয়ে স্টেশনের বিমানবন্দর এলাকার রেল লাইন থেকে ওই নারীর লাশ উদ্ধারের কথা জানান শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন।
তার বয়স অনুমানিক ৩৫ বছর বলে ধারণা ওসির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “সকালে স্থানীয়রা রেল লাইনে ওই নারীর মস্তক বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
“লাশের চোখ উপড়ানো ছিল এবং আঘাতের কারণে মুখমণ্ডল বিকৃত হয়ে গছে।”
ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে নাকি হত্যা করা হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত করা যাবে বলে জানান ওসি ।
