‘পরকীয়ার জেরে’ যুবককে বেঁধে পিটিয়ে হত্যা
কুমিল্লা শহরের সাতরা এলাকায় ‘পরকীয়ার জেরে’ এক যুবককে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকাল ৫টা দিকের এ ঘটনায় নিহত সোহাগ হোসেন (৩০) শাসনগাছা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
সোহাগের বন্ধু শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বন্ধু সোহাগকে পারভেজ নামে এক ব্যক্তি ফোন করে সাতরা এলাকায় নিয়ে মারধর করে। পরে আমি ও সোহাগের ভাই মাহবুব ঘটনাস্থলে গেলে আমাদেরও মারধর করে।”
“সোহাগের দুই পা উপরের দিকে দিয়ে ঝুলিয়ে বেঁধে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক আঘাত করে পারভেজের সন্ত্রাসী দল। ঘটনাস্থলেই তাকে পিটিয়ে হত্যা করা হয়।”
স্থানীয়রা জানায়, সোহাগের সাথে দীর্ঘদিন ধরে স্থানীয় এক নারীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। এ কারণে পারভেজ ও সোহাগের মধ্যে প্রায়ই কথাকটাকাটি হত।
এ ঘটনার জেরে তাকে হত্যা করা হয় বলে স্থানীয়দের ধারণা।
এ বিষয়ে সদর থানার এসআই শামীম বলেন, “আমরা খবর পাওয়ার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সোহাগের লাশ পেয়েছি। সোহাগের আত্মীয়-স্বজনের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।”
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে এসআই জানান।
