২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ৬৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি অটোরিকশা থেকে ৬৬ হাজার আটশ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। ওই সময় তিন জনকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 06:15 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

শুক্রবার সকালে এ তল্লাশি চালানো হয়। পরে বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান এ তথ্য জানান।

আটকরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গ্যারাঙ্গিয়ার আলী হোসেনের ছেলে ফোরকান উদ্দিন (২১), কক্সবাজারের টেকনাফ উপজেলার মৌলভীপাড়ার শাহ আলমের ছেলে শাহ জাহান (২৫) ও একই এলাকার নয়াপাড়ার কবির আহম্মেদের ছেলে হারু (২১)।

মোখলেছুর রহমান বলেন, সকালে পুলিশ সাইনবোর্ড এলাকায় চেকপোস্টে একটি অটোরিকশা থামায়।

“অটোরিকশায় তল্লাশি চালিয়ে একটি কার্টনের ভেতর তিনটি প্লাস্টিকের কৌটা ও একটি টিনের কৌটা থেকে ৬৬ হাজার আটশ’ ইয়াবা জব্দ করা হয় এবং অটোরিকশা আরোহী ফোরকান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।”

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ‘ইয়াবা ব্যবসায়ী’ শাহজাহান ও হারুনকে গ্রেপ্তার করা হয় বলে জানান মোখলেছুর।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে মোখলেছুর আরও বলেন, ইয়াবার চালানটি নারায়ণগঞ্জে জালকুড়ি এলাকায় এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য বাসে চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার রাত ১১টায় সাইনবোর্ড আসেন।

“উদ্ধার ইয়াবার মূল্য প্রায় দুই কোটি ৪০ হাজার টাকা। আটককৃত তিনজনই চট্টগ্রাম ও টেকনাফের ইয়াবা ব্যবসায়ী।”

ওই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।  

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া, ফতুল্লা মডেল থানার এএসপি মো. শরফুদ্দিন, ট্রাফিকের এএসপি বদরুল আলম মোল্লা প্রমুখ।