২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ব্যানারে আ. লীগ নেতার নাম নেই, তাই হাঙ্গামা

ব্যানারে আওয়ামী লীগ নেতার নাম না থাকায় নাটোরের গুরুদাসপুরে পহেলা বৈশাখের অনুষ্ঠানে হাঙ্গামার খবর পাওয়া গেছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 05:59 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

তবে বিষয়টি মিটমাট হওয়ার পর বৈশাখীর শোভাযাত্রা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গুরুদাসপুর থানার সামনে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।  

ওই আওয়ামী লীগ নেতা হাঙ্গামার বিষয়টি এড়িয়ে গেলেও স্থানীয় সংসদ সদস্য তা স্বীকার করেছেন। 

প্রত্যক্ষদর্শী আনিছুর রহমান বলেন, গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের হওয়ার সময় হইচই শুরু হয়।

“ওই সময় ব্যানারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ মোল্লার নাম না থাকায় তার সমর্থকরা চিৎকার-চেঁচামেচি করতে থাকে।

“তারা মঞ্চের চেয়ার ভাংচুর এবং ব্যানার ছিঁড়ে ফেলে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ করে।”

আনিছুর বলেন, পরে বিষয়টি নিয়ে মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে সমঝোতা হলে পরিস্থিতি শান্ত হয়।

এরপর সকাল সাড়ে ৯টার দিকে মেয়র শাহনেওয়াজ মোল্লা ও ইউএনও নেতৃত্বে বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।

এ ব্যাপারে মেয়র শাহনেওয়াজ মোল্লা অনুষ্ঠান বলেন, “আমি অনুষ্ঠানের শুরুতে ছিলাম না, পরে গিয়েছিলাম। সেখানে ভাংচুরের কোনো ঘটনা ঘটেনি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, “সকালে তেমন কিছু ঘটনা ঘটেনি। অনুষ্ঠান শান্তিপূর্ণ হয়েছে।”

এ ব্যাপারে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস বলেন, “বিষয়টি আমার নজরে আসলে সবাইকে শান্ত থেকে অনুষ্ঠান সম্পন্ন করার আহবান জানিয়ে অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে চলে গিয়েছিলাম।”