‘ভাসিয়ে দেওয়ার’ ২ দিন পর লাশ উদ্ধার
ফেনীর সোনাগাজীতে অজ্ঞাতপরিচয় এক লাশ গ্রাম পুলিশ নদীতে ‘ভাসিয়ে দেওয়ার’ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।
দুই দিন ধরে খুঁজে বুধবার সন্ধ্যায় বড় ফেনী নদী থেকে অর্ধগলিত লাশটি থানার পুলিশ উদ্ধার করে বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান।
লাশের পরনে পাঞ্জাবি, লুঙ্গি ও মুখে সাদা দাড়ি রয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।
এলাকাবাসী জানায়, গত সোমবার দুপুরে সোনাগাজী স্লুইস গেট থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ফেনী নদীতে একটি লাশ দেখতে পায় তারা।
তাদের অভিযোগ, ওসির নির্দেশে গ্রাম পুলিশ লাশটি নদীতে ভাসিয়ে দেয়।
তবে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লাশটি জোয়ারে ভেসে যায়।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিলে লাশ উদ্ধারের জন্য পুলিশকে নির্দেশ দেন পুলিশ সুপার রেজাউল হক।
তিনি বলেন, “লাশটি উদ্ধারের জন্য স্থানীয় থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়। তারা দুই দিন অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করতে পেরেছে।”
