কক্সবাজারে প্রায় ৬ লাখ ইয়াবা উদ্ধার
কক্সাজারের টেকনাফে পাঁচ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের খুরেরমুখ এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত দেড়টার দিকে বিজিবির টহল দলের সদস্যরা সাগর থেকে ছোট ট্রলারে করে ৩/৪ জনকে তীরে নামতে দেখে।
“এ সময় তাদের থামতে সংকেত দিলে পলিথিন মোড়ানো একটি বস্তা তীরে ফেলে তারা ট্রলার নিয়ে সাগরের দিকে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ওই বস্তায় তল্লাশি চালিয়ে পাঁচ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করে।”
ইয়াবাগুলোর মূল্য ১১ কোটি ৪০ হাজার টাকা। এগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
