বগুড়ায় নৈশ প্রহরীকে গলাকেটে হত্যা
বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক নৈশ প্রহরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আনোয়ারুল ইসলাম (৪২) উপজেলার কাটাবাড়িয়া মধ্যপাড়ার মৃত আজিজুল হকের ছেলে।তিনি আড়িয়াবাজারের নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন।
মঙ্গলবার বাজারের দক্ষিণ পাশে আবর্জনার স্তুপ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন।
বাজারের ব্যবসায়ীদের বরাত দিয়ে ওসি বলেন, প্রতিদিনের মতো আড়িয়াবাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন আনোয়ারুল। রাত ৩টা পর্যন্ত তাকে বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।
“ভোর ৫টার দিকে বাজারের দক্ষিণ পাশে আবর্জনার স্তুপের পাশে তার গলাকাটা লাশ পাওয়া যায়।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
