শ্রীমঙ্গলে ‘ডাকাত’ আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতদের আঘাতে চার গ্রামবাসী আহত হওয়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে ভীমশি গ্রামের এ ঘটনায় কুদ্দস মিয়াকে (৪০) আটক করা হয় বলে শ্রীমঙ্গল থানার ওসি মো. মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
কুদ্দুস পশ্চিম ভীমশি গ্রামের আবুল হোসেন মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য তাহির মিয়া ও সুভাষ লাল রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতিচেষ্টার সময় ব্যবসায়ী নিজাম মিয়া কুদ্দুসকে চিনে ফেললে তারা পালাতে চেষ্টা করে। পরে তার চিৎকারে গ্রামবাসী এসে ডাকাতদের ধাওয়া করলে তারা দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে আঘাত করলে চারজন আহত হন।
পরে সংঘবদ্ধ গ্রামবাসী কুদ্দুসের বাড়ি গিয়ে তাকে আটক করে পুলিশে দেয়।
আহতদের মধ্যে রফিক ও মেঘা সাঁওতালকে শ্রীমঙ্গল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুদ্দুস এর আগে একবার গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে। সে ও তার ভাইয়েরা মিরপুর, বাহুবল ও চুনারুঘাট থেকে ডাকাতদল হায়ার করে ডাকাতি করায়।”
পরশু রাতে ক্লোনেল চা-বাগান এলাকার রাধিকা স্টোরের তালা ভেঙে ফ্রিজসহ লক্ষাধিক টাকার মালপত্র এরাই চুরি করেছেন বলে তার অভিযোগ।
ওসি মাহবুবুর রহমান বলেন, পুলিশ কুদ্দুসের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে দেখছে।
