দুই পক্ষের সংঘর্ষে বিএনপির সম্মেলন পণ্ড
দুই পক্ষের সংঘর্ষে পণ্ড হয়ে গেছে বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
শনিবার বেলা ১টার দিকে উজিরপুরের গুঠিয়ায় এ ঘটনা ঘটে বলে জানান জেলা বিএনপির নেতারা।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন বলেন, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি সরফুদ্দিন আহমেদ সান্টুর বাসভবনে বানারীপাড়া বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়।
“জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলন শুরুর কিছু সময় পরে স্বাগত বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নিলে কাউন্সিল স্থগিত করা হয়।”
হট্টগোলের পেছনে অভ্যন্তরীণ কোনো কোন্দল থাকতে পারে বলে ধারণা করছেন বিএনপির এ নেতা।
বানারীপাড়া পৌরসভা বিএনপির সভাপতি খলিলুর রহমান চোকদার বলেন, নিয়ম অনুযায়ী সংগঠনের যে শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে ওই শাখার সভাপতি বা সম্পাদকের স্বাগত বক্তব্য দেওয়ার কথা।
“অথচ সান্টু নিজেই স্বাগত বক্তব্য দিতে মঞ্চে উঠলে বানারীপাড়া উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা সম্মেলন বর্জন করে। এ সময় সান্টুর কর্মী সমর্থকরা তাদের উপর হামলা করলে সংঘর্ষ বেঁধে যায়।”
সংঘর্ষে বানারীপাড়া সদর ইউনিয়ন যুবদলের সভাপতি খলিল মাঝি ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব ফকিরসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানান তিনি।
সান্টু তার পছন্দের লোকজন নিয়ে পকেট কমিটি করতে চায় বলে অভিযোগ খলিলুর রহমানের।
এ ব্যাপারে জানতে সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক খান জানান, কমিটি গঠনকে কেন্দ্র করে গুঠিয়ায় সরফুদ্দিন আহমেদ সান্টুর বাসভবনে হট্টগোলের খবর শুনেছেন তারা। তবে সংঘর্ষ বা ভাংচুরের ঘটনা ঘটেনি।
