২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বরিশাল ক্লাব ভবনের চারতলা থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 04:56 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

কোতোয়ালি মডেল থানার এসআই সাইদুল ইসলাম জানান, শুক্রবার সকালে নগরীর এই ভবনটির সামনে থেকে রফিকুল ইসলাম খান (৪০) নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রফিকুল বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ভাণ্ডারকাঠী গ্রামের হাশেম আলী খানের ছেলে। তিনি বরিশাল ক্লাবের সদস্য ছিলেন ।

এসআই বলেন, রফিকুল ঢাকায় থাকেন। সেখানে পোশাক তৈরি সামগ্রীর আমদানি-রপ্তানির ব্যবসা রয়েছে তার।

তিনি বলেন, শনিবার বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান; সেখানে যোগ দিতে বৃহস্পতিবার তিনি বরিশাল আসেন।

“এখানে এসে তিনি ক্লাবের ৪০৫ নম্বর কক্ষে অবস্থান করছিলেন।”

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে ঘুম থেকে উঠে চারতলার বারান্দায় পায়চারি করছিলেন রফিকুল।

“অসতর্কতাবশতঃ তিনি নিচে পরে যান বলে ধারণা করা হচ্ছে।”

তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এসআই সাইদুল।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান মো. আক্তারুজ্জামান জানান, মৃত্যুর কারণ পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য রফিকুলের দেহের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
“ভিসেরা পরীক্ষার জন্য সেগুলো ঢাকায় পাঠানো হবে।”