২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

লক্ষ্মীপুর সদরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 10:02 AM

Updated : 20 Aug 2022, 12:24 PM

বুধবার রাত সাড়ে ৩টার দিকে সদরের চন্দ্রগঞ্জ তিন নম্বর ব্রিজের কাছে গোলাগুলির ঘটনা ঘটে বলে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার নাসিম মিয়া জানান। 

পুলিশ বলছে, নিহত আবু কাউসার (৩০) ওরফে বড় কাউসারের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ বিভিন্ন ছয়টি মামলা রয়েছে থানায়।

সহকারী পুলিশ সুপার বলেন, “রাতে তিন নম্বর ব্রিজের কাছে টহল দিচ্ছিল পুলিশ সদস্যরা। এ সময় কাউসার ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

“এক পর্যায়ে কয়েকজন পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে কাউসারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।”

সেখান চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয় বলে সহকারী পুলিশ সুপার জানান।

তিনি বলছেন, গোলাগুলিতে তিন পুলিশ কনেস্টেবলও আহত হয়েছেন; তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।