বাসের ধাক্কায় টেম্পু খাদে, চালক নিহত
বাগেরহাটে বাসের ধাক্কায় একটি টেম্পু খাদে পড়ে তার চালক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
বুধবার বেলা ১১টার দিকে বাগেরহাট-খুলনা সড়কের সদর উপজেলার বারাকপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বাগেরহাট মডেল থানার এসআই মো. রাজেদ আলী।
নিহত তাকদীর ফকির (২০) সদরের ষাটগম্বুজ ইউনিয়নের পশ্চিম সায়েড়া গ্রামের হেমায়েত ফকিরের ছেলে।
এসআই রাজেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিরোজপুর থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি টেম্পু উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
“এতে টেম্পু চালক তাকদীরসহ অন্যরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকদীরকে মৃত ঘোষণা করেন।”
সদর হাসপাতাল ছাড়াও আহতদের খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই।
