২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর এপিএসের ভুয়া এপিএস গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখরের এপিএস পরিচয় দিয়ে খুলনায় গ্রেপ্তার হয়েছেন মাদারীপুরের এক ব্যক্তি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 09:05 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

ভুয়া পরিচয় দিয়ে খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবালকে প্রভাবিত করার চেষ্টার ঘটনায় তাকে সোমবার গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন মো. আব্দুর রাজ্জাক মাদারীপুর জেলার মাদারীপুর থানার মোস্তফাপুর গ্রামের মো. লাল মিয়া মাতুব্বরের ছেলে।

খুলনা মহানগর হাকিমের নির্দেশে গ্রেপ্তার করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ফারুক ইকবাল বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহার থেকে উদ্ধৃতি দিয়ে খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘গত ২ এপ্রিল আব্দুর রাজ্জাক খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবালের মোবাইলে ফোন করেন। ফোন করে আব্দুর রজ্জাক নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এপিএস শিখরের এপিএস হিসেবে নিজের পরিচয় দেন।

‘ফোনে আব্দুর রাজ্জাক মহানগর হাকিম ফারুক ইকবালকে একটি জিডির তদন্ত খুলনা সদর থানার এসআই টিপু সুলতানকে দিয়ে করার তদ্বির করেন।

‘সোমবার খুলনা সদর থানার জিডি (নং-৩১৯) দায়েরকারী আদালতে হাজির হয়ে তার বক্তব্য পেশ করার সময় বক্তব্যের বিষয়বস্তু ও কণ্ঠস্বর শুনে হাকিম ফারুক ইকবালের সন্দেহ হয় জিডিকারী ও প্রধানমন্ত্রীর এপিএস শেখরের এপিএস পরিচয়দানকারী ব্যক্তি একই।

‘পরে হাকিম ফারুক ২ এপ্রিলের ফোনের বিষয় জিজ্ঞাসা করলে ভুয়া কর্মকর্তা আব্দুর রজ্জাক বিষয়টি অস্বীকার করেন।’

ফারুক ইকবাল তার মোবাইল ফোনের কললিস্ট দেখালে রাজ্জাক বিষয়টি স্বীকার করে আদালতে মহানগর হাকিমের মোবাইল নম্বরটি খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পেশকার দাউদের কাছ থেকে সংগ্রহ করেন বলে  এজাহারে উল্লেখ করা হয়েছে।

আব্দুর রাজ্জাকের মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে।