গাজীপুরে ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা নিহত
গাজীপুরের এক বাড়িতে ডাকাতের গুলিতে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন; আহত হয়েছেন তার ভাইসহ তিনজন।
রোববার গভীর রাতে গাজীপুর সিটি করপোরেশনের সালনা কাথোরা মৈশানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. রুহুল আমিন জানান।
নিহত পরশ চন্দ্র ঘোষ (৬৫) সালনা কাথোরা মৈশানবাড়ি এলাকার যোগেশ চন্দ্র ঘোষের ছেলে। সালনা বাজারে তিনি কাপড়ের ব্যবসা করতেন।
পরশ চন্দ্র একাত্তরের একজন মুক্তিযোদ্ধা বলে গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার কাজী মোজাম্মেল হক নিশ্চিত করেছেন।
পরেশের জেঠাতো ভাই আশুতোষ ঘোষ সাংবাদিকদের জানান, রাত ২টার দিকে ৮-১০ জন মুখোশধারী ডাকাত প্রথমে পরেশের ভাই নরেশ চন্দ্র ঘোষের (৫৮) বাড়িতে হানা দেয়। তারা বাড়ির প্রধান গেইটের তালা ভেঙে ভেতরে ঢোকে।
এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা নরেশ ও তার দুই ছেলে বিধান কৃষ্ণ ঘোষ (৩২) ও মৃণাল চন্দ্র ঘোষকে (২৮) কুপিয়ে জখম করে। পরে ঘরে থাকা সোনার গয়না ও মালামাল লুটে নিয়ে পাশে পরেশের ঘরে হানা দেয়।
আশুতোষ বলেন, “দরজা ভাঙার শব্দ পেয়ে পরেশ ও তার ছেলে গৌতম ঘোষ পলাশ এগিয়ে যায়। ডাকাতরা ভেতরে ঢোকার পর পলাশ তাদের চিনে ফেলে চিৎকার করে ওঠে। এরপর ডাকাতরা এলাপাতাড়ি গুলি শুরু করে।”
এ সময় পলাশের পাশে দাঁড়িয়ে থাকা পরেশের কপালে গুলি লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।
আশুতোষ বলেন, “ডাকাতেরা পাশের ঘরে এসে আমার মাথায়ও পিস্তল ঠেকায় এবং মায়ের গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়।”
জয়দেবপুর থানার ওসি খন্দকার মো. রেজাউল হাসান রেজা জানান, এ ঘটনায় সোমবার সকাল ১০টা পর্যন্ত মামলা হয়নি। তবে পুলিশ খবর পেয়ে তদন্ত শুরু করেছে।
পরেশের লাশ গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আহত নরেশ, বিধান ও মৃণালকেও ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
