জাপায় করিম উদ্দিন ভরসা নেই
সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসাকে জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য পদসহ পার্টির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে দলীয় প্যাডে পার্টির চেয়ারম্যানের তথ্য ও রাজনৈতিক সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় পার্টিতে প্রয়োজন নেই বিধায় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যা অবিলম্বে কার্যকর হবে।’
করিম উদ্দিন ভরসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো কাগজ পাইনি। এর আগে কোনো মন্তব্য করতে চাই না।’
তবে তিনি বলেন, ‘জাতীয় পার্টির পেছনে অনেক অর্থ ব্যয় করেছি। দলকে অনেক কিছুই দিয়েছি। এখন যদি আমার প্রয়োজন না থেকে থাকে তাহলে এ দুঃখ রাখার জায়গা নেই।’
করিম উদ্দিন ভরসা ১৯৯১ সালে রংপুর-১ (গঙ্গাচড়া) এবং ১৯৯৬ ও ২০০১ সালে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আশি বছর বয়সি এই নেতা দীর্ঘদিন রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন।
