সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ আ. লীগ নেতার ছেলে গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ এক আওয়ামী লীগ নেতার দুই ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ৩টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীবাড়ি হিন্দুপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. সরাফাত উল্লাহ।
গ্রেপ্তারকৃতরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সালাহউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম রূপম (২৮) ও মাহবুবুল হাসান আরমান (২৬) এবং তাদের সহযোগী কবির (২৫) ও মনির (১৯)।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
ওসি বলেন, গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য মহড়া দিচ্ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।
