২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ভাড়াটিয়া সেজে ডাকাতি

ঘর ভাড়া নেওয়ার কথা বলে গাজীপুরে একটি বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করেছে একদল লোক।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 12:15 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

সোমবার সন্ধ্যায় শহরের বরুদা এলাকার ডা. শামসুল আলম বুলবুলের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান।

তবে কে বা কারা এ ঘটনায় জড়িত এ বিষয়ে প্রাথমিকভাবে কেনো তথ্য দিতে পারেননি তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী শামসুল আলমের স্ত্রী কাজী রুকসানা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসা ভাড়া নেওয়ার কথা বলে কয়েক দিন আগে আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তি বাসা দেখতে আসেন। সেদিন বাসা দেখানো সম্ভব না হওয়ায় সোমবার রাতে তিনি আবারও আসেন।

ওই সময় বাসায় একা ছিলেন জানিয়ে রুকসানা বলেন, “বাসা দেখার পর ওই ব্যক্তি বাসা ভাড়া সক্রান্ত বিষয় নিয়ে মোবাইল ফোনে কারো সঙ্গে কথা বলেন। এর কিছুক্ষণ পর ৭/৮ জন লোক ফ্ল্যাটে ঢুকে পিস্তল ও চাপাতির মুখে আমাকে জিম্মি করে হাত-মুখ বেঁধে ফেলে।

“পরে তারা ফ্ল্যাটের আলমারি, ওয়্যারড্রোব ভেঙে নগদ প্রায় পাঁচ হাজার টাকা, প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, দামি কাপড়-চোপড়সহ মালামাল লুট করে এবং ড্রেসিং টেবিলসহ ঘরের অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে।”

ওই লোকগুলো চলে যাওয়ার পর নিজের চেষ্টায় হাত ও মুখের বাঁধন খুলে নিচে নেমে দেখি বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুর রহমান (৬৫) হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় গাড়ির গ্যারেজের এক কোণে পড়ে আছেন, বলেন রুকসানা।

এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি রেজাউল।