নারায়ণগঞ্জে ৮২৯ জন মুক্তিযোদ্ধার হোল্ডিং ট্যাক্স মওকুফ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ৮২৯ জন মুক্তিযোদ্ধার বাড়ির হোল্ডিং ট্যাক্স আজীবন মওকুফের সনদ ও সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে নগর ভবনের সামনে বঙ্গবন্ধু সড়কে এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে আজীবন হোল্ডিং ট্যাক্স মওকুফের সনদ ও সম্মাননা তুলে দেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
মেয়র বলেন, “২০০৭ সালে আমি নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র থাকাকালে দেশে সর্বপ্রথম ২২০ জন মুক্তিযোদ্ধার বাড়ির হোল্ডিং ট্যাক্স আজীবন মওকুফ করেছিলাম।
“নারায়ণগঞ্জ পৌরসভার পরে গাজীপুর পৌরসভাসহ অন্যান্য পৌরসভা ও সিটি কর্পোরেশন এই উদ্যোগ গ্রহণ করেছিল। তখন কেউ কেউ বলেছিল, মুক্তিযোদ্ধাদের কর মওকুফ করার কোনো নির্দেশনা মন্ত্রণালয়ের নেই। এ জন্য আমার বিরুদ্ধে মামলা হলে আমাকে কারাগারেও নেওয়া হতে পারে।
“আজ মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে ১২০০ বর্গফুট আয়তন পর্যন্ত সব মুক্তিযোদ্ধার বাড়ির হোল্ডিং ট্যাক্স আজীবন মওকুফের।”
সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী সব মুক্তিযোদ্ধার পুরো বাড়ির হোল্ডিং ট্যাক্স-ই মওকুফ করেছেন বলে জানান তিনি।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নুরুল হুদা, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহ, মুক্তিযোদ্ধা খাজা মহিউদ্দিন, কমান্ডার আমিনুর ইসলাম, আব্দুর রাশেদ রাশু, আব্দুস সাত্তার মরন, জেলা জাসদ সভাপতি মোহর আলী চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির।
