বগুড়ায় বাসের সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
বগুড়ার শেরপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের গাড়িদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানিয়েছেন।
নিহতরা হল হানিফ পরিবহনের চালক নবির হোসেন (৩৮), জয়পুরহাট জেলার ধারকি গ্রামের ফরহাদ আলীর স্ত্রী পান্না আক্তার (২২) ও ছেলে আল মাজিদ (২)।
পরিদর্শক মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর পৌনে ১টার দিকে ঢাকা থেকে রংপুরমুখী হানিফ পরিবহন ও জয়পুরহাট থেকে ঢাকামুখী সালমা এন্টারপ্রাইজের বাস দুটির সংঘর্ষ হয়।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
