২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘের চামড়া ও হরিণের মাংস উদ্ধার, গ্রেপ্তার ৩

খুলনার কয়রা উপজেলায় একটি বাঘের চামড়া বেচা-কেনার সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

খুলনা প্রতিনিধি

ও বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 03:07 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

এছাড়া হরিণের মাংসসহ এজনকে আটকের কথা জানিয়েছে বাগেরহাট বন কর্তৃপক্ষ।   

কয়রার সাতহালিয়া গ্রাম থেকে রোববার সন্ধ্যায় গ্রেপ্তাররা হলেন খুলনা মহানগরীর সোনাডাঙ্গার মৃত শেখ পেয়ার মোহম্মদের ছেলে শেখ মনিরুজ্জামান (৪৫) ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দড়িগাঁওয়ের আনোয়ার আলীর ছেলে মো. রমজান আলী (৪০)।

সোমবার র‌্যাব যশোর ক্যাম্পের উপ-পরিচালক মেজর আব্দুল্লাহ আল মেহেদী এ তথ্য জানান।

খুলনা র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মেহেদী বলেন, রোববার সন্ধ্যার দিকে  মনিরুজ্জামানের কাছ থেকে একটি বাঘের চামড়া কিনতে যান রমজান আলী।এ সময় গোপন তথ্যে হালিয়া গ্রামের আলতাফ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়।

“র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মনিরুজ্জামান ও রমজানকে গ্রেপ্তার করা হয়।

“পরে তাদের দেওয়া তথ্যে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বাঘের চামড়া পাওয়া যায়।”  

তিনি বলেন, বাঘের চামড়াটির দৈর্ঘ্য ৯ ফুট ১১ ইঞ্চি, প্রস্ত ২ ফুট ৪ ইঞ্চি। আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কয়রা থানায় মামলা ও উদ্ধারকৃত চামড়াটি বন ও পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী।

বাগেরহাট প্রতিনিধি জানান, সুন্দরবন থেকে শিকার করা হরিণের ২৫ কেজি মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে বনবিভাগের কর্মীরা।

আটক ফারুক ফরাজী (৩০) মংলা উপজেলার জয়মনি গ্রামের আজিজ ফরাজীর ছেলে।

চাঁদপাই রেঞ্জের বন রক্ষক গাজী মতিয়ার রহমান জানান, সোমবার বাগেরহাটের মংলা উপজেলার জয়মনি খাদ্য গুদামের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে একদল চোরা শিকারি সুন্দরবন থেকে হরিণ শিকার করে লোকালয়ে ফেরার তথ্যে বনবিভাগের কর্মীরা অভিযান চালিয়ে ফারুককে অটক করেন।

“এ সময় তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।”

এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে ফারুকসহ অজ্ঞাত আরও তিন চারজনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করেন। পরে ফারুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।