২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে শ্রমিক লীগ নেতা হামলায় আহত

খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগ আহ্বায়ক জানু সিকদারকে ছুরিকাঘাতে আহত করেছে কয়েকজন যুবক।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 12:06 AM

Updated : 20 Aug 2022, 12:18 PM

রোববার বিকালে এ হামলার পর তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম পাঠানো হয়েছে বলে জানান সদর থানার ওসি শামসুদ্দীন ভুইয়া।

হাসপাতালে চিকিৎসাধীন জানু সিকদার (৩৭) জানান, বিকালে তিনি মুসলিমপাড়া বাসা থেকে বেরিয়ে সড়কে আসলে খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমের নেতৃত্বে ১৫/২০ জনের ‘সন্ত্রাসী’ দল ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকলেও ভয়ে কেউ তাকে উদ্ধার করতে আসেনি বলে অভিযোগ করেন তিনি।

“পরে পুলিশ গিয়ে ঋদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।”

ওসি শামসুদ্দীন ভুইয়া জানান, ঘটনার তদন্ত চলছে। হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে খাগড়াছড়ি আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা স্টেডিয়ামে ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে হামলার তীব্র নিন্দা জানান।

তিনি এ সময় উপস্থিত খাগড়াছড়ি জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নানকে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।

মেয়র রফিকুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।