বেতনের দাবিতে টঙ্গীতে শ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতন-ভাতার দাবি ও অনিয়মের প্রতিবাদে টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
রোববার দুপুরে টঙ্গীর বাস্তুহারা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মার্ক স্টিচ নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ দেখায় বলে জানান টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে আধাঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ কর্মকর্তা আমিনুল বলেন, বকেয়া বেতন-ভাতার দাবি এবং কারখানা কর্তৃপক্ষের নানা অনিয়মের প্রতিবাদে বেলা দেড়টার দিকে বাস্তুহারা এলাকার মার্ক স্টিচ পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে বেলা সোয়া ২টার দিকে তারা পাশ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়।
“এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে বেলা পৌনে ৩টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।”
