২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেকুয়ায় অটোরিকশা চালককে গলাকেটে হত্যা

কক্সবাজারের পেকুয়ায় এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 02:41 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

রোববার বেলা ১১টার দিকে পেকুয়ার টইট্যং ইউনিয়নের কাছারী পাহাড় সড়কের পাশে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান জেলা পুলিশের চকরিয়া সার্কেলের এএসপি মো. মাসুদ আলম।

নিহত মোহাম্মদ হোসাইন (১৮) টইট্যং ইউনিয়নের গর্জনিয়া পাড়ার দুবাই প্রবাসী আব্বাস উদ্দিনের ছেলে। তিনি অটোরিকশা চালাতেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

আটক আব্দুর রহমান (২২) টইট্যং ইউনিয়নের বাজার পাড়ার মৃত নজির আহমদের ছেলে।

এএসপি মাসুদ আলম বলেন, ধানক্ষেতে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে গলাকাটা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

হোসাইন শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি বলে জানিয়েছেন তার মা হামিদা বেগম।