ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সংসদের চাবি ‘ছিনতাই’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিসের চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফারুক মিয়াকে ‘রাজাকারের সন্তান’ বলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর অনুগত কয়েকজন এই কাণ্ড ঘটিয়েছেন বলে মুক্তিযোদ্ধা সংসদের কয়েকজন জানিয়েছেন।
ভারপ্রাপ্ত কমান্ডার সোহরাব মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রীর আস্থাভাজন মুক্তিযোদ্ধা আজহারুল, আবদুল খালেক ও আবদুস শহীদসহ কয়েকজন জোরপূর্বক আমার কাছ থেকে অফিসের চাবি ছিনিয়ে নিয়েছেন।”
এছাড়া তারা ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুনুর রশীদকে জানানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় একটি জিডি করেছেন সোহরাব।
ঘটনার সত্যতা জানতে চাইলে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি দুঃখজনক। রাজাকার সন্তানকে রাজাকার বলায় চাবি নিয়ে যাওয়ার ঘটনাটি আমি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে চাবি ছিনতাইকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুনীল দেবের মৃত্যুর পর ডেপুটি কমান্ডার সোহরাব মোল্লাকে উপজেলা কমান্ডারের দ্বায়িত্ব দেওয়া হয়।
অফিসের চাবি নেওয়া সংগঠনের শৃঙ্খলাবিরোধী বলে তিনি মন্তব্য করেন।
অবশ্য চাবি ছিনিয়ে নেওয়া কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
নাছিরনগর থানার ওসি আবদুল কাদের বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হরিপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলেও মুক্তিযুদ্ধকালীন তার বাবা তাজুল ইসলাম ওরফে তাইজুদ্দিনের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা উঠলে বাদ পড়েন ফারুক।
পরে স্থানীয় আওয়ামী লীগ নেতা দেওয়ান আতিকুর রহমান আখি মনোনয়ন পান।
