২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

স্ত্রীর শরীরে ‘কেরোসিন ঢেলে’ আগুন

‘অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায়’ নারায়ণগঞ্জে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 08:54 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার রাতে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মৈকুলী বড়ভিটা এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধ গৃহবধূ চায়না আক্তারকে (২৮) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চায়নার বাবা সিরাজ বেপারীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া এলাকায়।

দগ্ধ গৃহবধূর ভাই আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, দশ বছর আগে তারাব পৌরসভার মৈকুলী বড়ভিটার সুরুজ মিয়ার ছেলে শুক্কুর মিয়ার সঙ্গে চায়নার বিয়ে হয়। তাদের সিয়াম ও মরিয়ম নামে দুই সন্তান রয়েছে।   

“এক বছর আগে পাশের বাড়ির এক গৃহবধূর সঙ্গে শুক্কুরের অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে।”

তিনি বলেন, বিষয়টি চায়না জানতে পেরে স্বামীকে বোঝানোর চেষ্টা করলে তার উপড় নির্যাতন চালাতে থাকেন শুক্কুর।

“এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুজনের বসচার এক পর্যায়ে শুক্কুর কেরোসিন ঢেলে চায়নার শরীরে আগুন দেয়।”

আনোয়ার হোসেন বলেন, বাঁচার জন্য চায়না বাড়ির পাশের পুকুরে ঝাঁপিয়ে পড়েন এবং চিৎকার করতে থাকেন।

আর্তচিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার শরীরের বেশিরভাগ অংশ ঝলসে গেছে বলে জানান তিনি।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মেহেদী মাসুদ বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পরপরই শুক্কুরসহ তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে।

তাদের আটকের জন্য বিভিন্ন জায়গায় পুলিশের তল্লাশি অব্যাহত আছে বলে জানান তিনি।