বেনাপোলে গুলি ও অস্ত্র উদ্ধার
বেনাপোল শুল্ক ভবন এলাকা থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগানসহ গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা।
বুধবার পোর্ট থানার ছোট আঁচড়া মোড়ে শুল্ক ভবনের প্রাচীরের পাশে অস্ত্রগুলো পাওয়া যায় বলে জানান কমিশনার এএফএম আব্দুল্লাহ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুল্কভবনের প্রাচীরের শেষ প্রান্তে যশোর-বেনাপোল মহাসড়কের উপর সারিবদ্ধ ট্রাকের পাশে অস্ত্র বিকিকিনির গোপন সংবাদ পেয়ে শুল্ক কর্মকর্তারা সেখানে যান।
“পরে সেখানে ব্যাগের ভেতর একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”
অস্ত্র ও গুলি পাওয়ার পর বিষয়টি বেনাপোল পোর্ট থানা, যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে বলে জানান আব্দুল্লাহ।
