২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিটিয়ে চলন্ত গাড়ির নিচে দিয়ে হত্যা

ঘন ঘন যাত্রী ওঠানো নিয়ে বিবাদের জেরে মুন্সীগঞ্জের গজারিয়ায় পরিবহন শ্রমিকরা এক বাসযাত্রীকে পিটিয়ে আরেকটি চলন্ত গাড়ির নিচে দিয়ে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 10:48 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

পুলিশ জানায়, রোববার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চরবাউশিয়া এলাকায় এ ঘটনায় নিহত হন আব্দুল আউয়াল সরকার (৩৪)।

তিনি ঢাকার মুগদা জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন।

পিটুনিতে নিহতের ছোট ভাই আল আমিন, বোন ফরিদা আক্তার, ভগ্নিপতি সাইদুল ইসলাম ও ফুফাতো বোন কুলসুম বেগম আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত আল আমিন জানান, তারা দাদির জানাজায় অংশ নিতে ঢাকার সায়েদাবাদ থেকে কুমিল্লার মুরাদনগর যাচ্ছিলেন।

“মেঘনা সেতু পার হওয়ার পর গাড়ির চালক ঘনঘন যাত্রী ওঠাচ্ছিল। এর প্রতিবাদ করলে আউয়ালের সঙ্গে বাসের চালক ও সহকারীর ঝগড়া বাধে।

“এর জেরে চালক ও সহকারী ফোন করে চরবাউশিয়া এলাকা থেকে বিশ পঁচিশজন লোক ডেকে আনে এবং বাসের অন্য যাত্রীদের লোহার রড ও লাঠির ভয় দেখিয়ে গাড়ি থেকে নামতে বারণ করে।”

তাদের বোন ফরিদা বলেন, লোকজন ডেকে তাদের গাড়ি থেকে নামিয়ে পেটানো শুরু করে।

“পিটিয়ে আহত করার পর আউয়ালকে ধাক্কা দিয়ে মহাসড়কে একটি দ্রুতগামী গাড়ির সামনে ফেলে দিলে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”   

গজারিয়া থানার এসআই মো. ইয়াসিন মুন্সী বলেন, “মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আমরা হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী দুবৃর্ত্তদের নাম ঠিকানা জানতে পেরেছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

আব্দুল আউয়াল সরকার কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মুক্তিযোদ্ধা হুমায়ন কবিরের ছেলে।