২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ‘পাচার’ ১১ মারমা ছাত্রী উদ্ধার, আটক ২

মিয়ানমারে ‘পাচার’ বান্দরবানের ১১ থেকে ১৯ বছর বয়সী ১১ মারমা ছাত্রীকে ফিরিয়ে আনা হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 10:07 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

এ ঘটনায় রাঙামাটির মিতিঙ্গাছড়ি বৌদ্ধবিহারের অধ্যক্ষ উ স্বিরি ভিক্ষু ও নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ির হেডম্যানপাড়ার বাসিন্দা উচথোয়াই মারমাকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন।

জানুয়ারিতে অভিভাবকরা এই ছাত্রীদের রাঙামাটির মিতিঙ্গাছড়ি বৌদ্ধবিহারে ভর্তি করানোর পর মার্চের প্রথম সপ্তায় তারা নিখোঁজ হয়।

রোয়াংছড়ি থানার এআই মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিখোঁজের ঘটনায় অভিভাবকদের পক্ষে মামলা হলে বিহারের অধ্যক্ষ উ স্বিরি ভিক্ষুকে গত শুক্রবার গ্রেপ্তার করে পুলিশ।

অধ্যক্ষ উ স্বিরি পুলিশকে বলেছেন, ওই কিশোরীদের ধর্মীয় শিক্ষা গ্রহণের উদ্দেশে মিয়ানমারের মংডু জেলার নাইসাদং বৌদ্ধবিহারে পাঠানো হয়েছিল।

অধ্যক্ষের বক্তব্য সন্দেহজনক হওয়ায় পুলিশ ও বিজিবি ওই ছাত্রীদের উদ্ধারে মিয়ানমারের নাইসাদং সীমান্ত এলাকায় অনুসন্ধান চালিয়ে ১১ ছাত্রী ও তাদের সাথে থাকা দুই বাংলাদেশি নারীকে শনাক্ত করতে সক্ষম হয়।

গোয়েন্দা পুলিশের ওসি মনজুর আলম বলেন, টেকনাফ সীমান্তের ওপারের ওই এলাকায় তিন দিন অনুসন্ধান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় ১১ ছাত্রীকে উদ্ধার করা হয়।

ওই দুই নারী বাংলাদেশে আসতে চাননি। তাদের সম্পর্কে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

ফিরে আসা ছাত্রীরা হল ম্রংখ্যং পাড়ার বাসিন্দা উচনু মারমার মেয়ে মেসিনু মারমা (১৫), নয়াপাড়ার থোয়াইনু মারমার মেয়ে মেথুইচিং মারমা (১৪), বইখ্যং নয়াপাড়ার মংপ্রুর মেয়ে মাখ্যাইচিং মারমা (১৬), নয়াপাড়ার ক্যহ্লাচিং মারমার মেয়ে থুইঞো মারমা (১৫), তালুকদার পাড়ার মংপ্রুহ্লা মারমার মেয়ে পাইনুচিং মারমা (১৫), রাজবিলা হাপিগ্যই পাড়ার রেথোয়াইপ্রু মারমার মেয়ে নুক্রইঞো মারমা (১৫), মনজয় পাড়ার পুথোয়াইচিং মারমার মেয়ে সিংদাইউ মারমা (১৫), রাঙামাটির হ্লুইজা মারমা (১৮), বেতবুনিয়ার সানুচিং মারমা(১১), ম্রংখ্যং পাড়ার হ্লাশৈপ্রু মারমা (১৯) ও রুমা উপজেলার শৈরাদং পাড়ার মেম্যাচিং মারমা (১৫)।