২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে বোমা হামলা, অগ্নিসংযোগ

সাতক্ষীরার কালীগঞ্জ ও আশাশুনি উপজেলার দুটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 02:46 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

শনিবার দুপুরে কালীগঞ্জে কৃষ্ণনগর ইউনিয়নে ও শুক্রবার রাতে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর তিনটি কার্যালয়ে বোমা হামলা এবং অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

কৃষ্ণনগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোস্তফা কবিরুজ্জামান মন্টুর ভাই মোস্তফা আক্তারুজ্জামান বলেন, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চারজন মুখোশ পরা ব্যক্তি মোটরসাইকেলে করে দা উচিয়ে এসে বেলেডাঙ্গা বাজারে নির্বাচনী কার্যালয়ের সামনে দুইটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

এ সময় নির্বাচনী কার্যালয়ে থাকা মানুষ দিগ্বিদিক ছুটোছুটি করে বের হয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি শেখ মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতাপনগর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী শেখ জাকির হোসেন বলেন, বিদ্রোহী প্রার্থী খালিদুর রহমান বাবু ও জামায়াতের নেতা-কর্মীরা  শুক্রবার রাতে তার দুটি নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ওই সময় তারা দুটি বোমারও বিস্ফোরণ ঘটায়।

আগুনে দুটি অফিসের চেয়ার-টেবিল, নির্বাচনী মালামাল ও পোস্টার পুড়ে গেছে বলে জানান তিনি।

এ ব্যাপারে খালিদুর রহমান বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আশাশুনি থানার ওসি মুন্সি আসাদুজ্জামান বলেন, “ঘটনাটি মোবাইল ফোনের মাধ্যমে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”