গাজীপুরে খাল থেকে তরুণীর লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে খাল থেকে এক তরুণীর লাশ পাওয়া গেছে, যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
শনিবার বেলা ১১টার দিকে পৌরসভার কেওয়া দক্ষিণ খণ্ড এলাকায় আনোয়ারা মান্নান স্পিনিং মিল কারখানার পেছনের খাল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জানান শ্রীপুর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান।
আনুমানিক ২৫ বছর বয়সী ওই মেয়ের নাম পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।
ওসি বলেন, সকালে খালে ওই তরুণীর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
“ওই তরুণীর ডান হাতে আঘাতের চিহ্ন এবং পা পরনের সালোয়ার দিয়ে বাঁধা রয়েছে।”
তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ খালের পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন ওসি।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
