ভোটের সংঘাতে ভোলায় গুলিবিদ্ধ ১
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলা সদরের আলীনগর ইউনিয়নে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ভোলার পুলিশ সুপার মো.মনিরুজ্জামান জানান, শুক্রবার রাত ৯টার দিকে আলীনগর ইউনিয়নের তালতলি হাজিরহাট এলাকায় এ সংঘর্ষ হয়।
গুলিবিদ্ধ সাইফুল সিকদার এবং ইউসুফ হোসেন নামে আহত অন্য একজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মাকসুদুর রহমান ও হাসেম ফকিরের সমর্থকদের মধ্যে প্রচার-প্রচারণা নিয়ে দন্দ্ব চলে আসছিল।
শুক্রবার রাতে উভয় প্রার্থী সমর্থকরা হাজিরহাটে গণসংযোগ করতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
পুলিশ সুপার আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, শটগানের বুলেটের দুটি খোসা ও একটি চকলেট বোমা উদ্ধার করা হয়। আটক করা হয় সম্রাট ও ইসরাফিল নামে দুই যুবককেও।
সংঘর্ষে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। নাশকতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান।
