২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ প্রার্থীর নির্বাচনকর্মী গুলিবিদ্ধ

খুলনার বটিয়াঘাটা উপজেলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 08:14 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

বৃহস্পতিবার রাতে এ ঘটনায় আহত জাহাঙ্গীর হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাহাঙ্গীর হোসেন সুরখালি ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মুশফিকুর রহমান সাগরের নির্বাচনকর্মী।

বটিয়াঘাটা থানার ওসি মামুন-অর-রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনী প্রচারণা শেষে সাগর তার কর্মীদের নিয়ে পারসেমারি এলাকা দিয়ে যাচ্ছিলেন।

“পথে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করলে জাহাঙ্গীর গুলিবিদ্ধ হন।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।

সুরখালি ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রথমে আব্দুল হাদী সরদারকে প্রার্থী করে আওয়ামী লীগ। হাদীর বাবা রাজাকার ছিলেন বলে অভিযোগ উঠলে তার মনোনয়ন বাতিল করে খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগরকে প্রার্থী করে আওয়ামী লীগ।